Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৪:০৪ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ বিশ্বকে উদ্যোগী হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৪:০৪ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ বিশ্বকে উদ্যোগী হওয়ার আহ্বান

বাংলাদেশে আশ্রয় নেওয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়া এবং ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। এ সময় দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের মানবিক, আর্থসামাজিক ও আঞ্চলিক প্রভাব তুলে ধরে এর সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন রাষ্ট্রপতি।

রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য আন্তর্জাতিক সহায়তার আহ্বান
রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের বাংলাদেশ সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আশার বার্তা বহন করছে। বিশেষ করে শিবিরে বসবাসরত নারী ও শিশুদের দুর্দশা এবং তাদের সুরক্ষার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরতে এ সফর গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, ডাচেস অব এডিনবার্গের রোহিঙ্গা শিবির পরিদর্শন এই মানবিক সংকটের প্রতি বিশ্বসম্প্রদায়ের মনোযোগ আরও বাড়াবে। রাষ্ট্রপতি আরও বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি করা জরুরি। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক অংশীদারদের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ওপর বাড়ছে চাপ
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের ওপর তৈরি হওয়া চাপের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, ঘনবসতিপূর্ণ বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিন অবস্থান দেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। পাশাপাশি এ সংকট আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু মানবিক সহায়তা দিয়ে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয় বলে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্য খাতে অবদানের প্রশংসা
রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষু স্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।

অন্যদিকে, ডাচেস অব এডিনবার্গ বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেন।সাক্ষাতে দুই দেশের মধ্যে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে গুরুত্ব
রাষ্ট্রপতি যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। সাক্ষাৎকালে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

তিন দিনের সফরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন
সাক্ষাৎকালে ডাচেস অব এডিনবার্গ তাঁর তিন দিনের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এ সময় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের কথা জানান তিনি।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএ/এমএসআইপি
 

Link copied!