Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৩:৫৮ পিএম

বিকাশের ৭ হাজার অ্যাকাউন্টে সন্দেহ, বয়স ১৫০ বছর!

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৩:৫৮ পিএম

বিকাশের ৭ হাজার অ্যাকাউন্টে সন্দেহ, বয়স ১৫০ বছর!

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি সন্দেহজনক ও ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব অ্যাকাউন্টের কয়েকটিতে গ্রাহকের বয়স দেখানো হয়েছে ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত। আবার বেশ কিছু অ্যাকাউন্টে অস্বাভাবিক মাত্রায় লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

এসব অনিয়মের বিষয়ে ব্যাখ্যা চেয়ে বিকাশের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গ্রাহক পরিচিতি যাচাই বা কেওয়াইসি নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন জরিমানা করা হবে না, সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে।

অ্যাকাউন্টে গ্রাহকের বয়স ১০০ থেকে ১৫০ বছর
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিকাশের প্ল্যাটফর্মে শনাক্ত হওয়া ৭ হাজারের বেশি সন্দেহজনক অ্যাকাউন্টের মধ্যে কয়েকটিতে গ্রাহকের বয়স ১০০ থেকে ১৫০ বছর দেখানো হয়েছে। এ ছাড়া অনেক অ্যাকাউন্টে অস্বাভাবিক ও অতিরিক্ত লেনদেনের তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, এসব অ্যাকাউন্ট এখনো সচল থাকা বিএফআইইউর কেওয়াইসি নির্দেশিকার সঙ্গে সাংঘর্ষিক। একজন কর্মকর্তা বলেন, এসব অনিয়ম শনাক্ত হওয়ার পরও অ্যাকাউন্টগুলো সচল রয়েছে, যা কেওয়াইসি নির্দেশিকার লঙ্ঘন।

জরিমানা কেন নয়, বিকাশের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট, ২০২৪-এর ৩৭ ধারা অনুযায়ী গত ৩ নভেম্বর বিকাশের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন বলেন, এ বিষয়ে বিকাশের কাছে জানতে চাওয়া হয়েছে এবং জবাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘনের দায়ে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত জরিমানা করা হয়। তবে সংশ্লিষ্ট সার্কুলার বা আইনে জরিমানার বিধান থাকতে হয়। নির্দিষ্ট আইনি বিধানের ভিত্তিতেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়।

ভুয়া অ্যাকাউন্টে বাড়ছে অবৈধ লেনদেনের ঝুঁকি
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এমএফএস প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ লেনদেন, অনলাইন জুয়া, বেটিং এবং ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের প্রবণতা বেড়েছে। এসব কার্যক্রমের বড় একটি অংশ ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে তাঁদের পর্যবেক্ষণ।

এ কারণে এমএফএস প্রতিষ্ঠানগুলোর গ্রাহক পরিচয় যাচাই এবং সন্দেহজনক লেনদেন শনাক্তের কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিএফআইইউর কেওয়াইসি নির্দেশিকা শুধু এমএফএস প্রতিষ্ঠানের জন্য নয়; ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসহ সব ধরনের পেমেন্ট সেবা প্রদানকারীর জন্য প্রযোজ্য।

এনআইডির ভুলের দায় নিচ্ছে না বিকাশ
এ বিষয়ে জানতে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে তিনি মিটিংয়ে থাকার কথা জানান।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিকাশের এক কর্মকর্তা দাবি করেন, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের সঙ্গে বায়োমেট্রিক তথ্য মিলিয়ে গ্রাহকের পরিচয় যাচাই করা হয়। অনেকের এনআইডিতে ভুল থাকার কারণে অ্যাকাউন্টে বয়সসহ বিভিন্ন তথ্যের অসংগতি দেখা দিতে পারে।

ওই কর্মকর্তা আরও বলেন, ই-কেওয়াইসির ক্ষেত্রে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) প্রযুক্তির মাধ্যমে এনআইডিতে থাকা তথ্য হুবহু সংগ্রহ করা হয়। পাশাপাশি গ্রাহকের পরিচয় নিশ্চিত করতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে এনআইডিতে কোনো ভুল থাকলে তা অ্যাকাউন্টের তথ্যেও প্রতিফলিত হতে পারে।

বিকাশের নিবন্ধিত অ্যাকাউন্ট সাড়ে ৮ কোটিঙবিকাশ ব্র্যাক ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান। ব্র্যাক ব্যাংক ও মানি ইন মোশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে বিকাশের নিবন্ধিত অ্যাকাউন্টের সংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি। এর মধ্যে সক্রিয় অ্যাকাউন্ট রয়েছে ৪ কোটি ২০ লাখ।

এত বিপুলসংখ্যক গ্রাহকের আর্থিক লেনদেন পরিচালনাকারী এ প্ল্যাটফর্মে সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্তের ঘটনায় গ্রাহক পরিচয় যাচাই ও লেনদেন পর্যবেক্ষণের বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। তবে শনাক্ত হওয়া অ্যাকাউন্টগুলোর বিষয়ে বিকাশের আনুষ্ঠানিক ব্যাখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের পরবর্তী সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে সম্ভাব্য ব্যবস্থা।

কালের আলো/এসএ/ডিএইচ

Link copied!