ইংরেজি কিংবা অন্য ভাষার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নির্ভরতা কমিয়ে বাংলা ভাষার নিজস্ব এআই মডেল তৈরি করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ২৫ কোটি ডলার বা ২৫০ মিলিয়ন ডলারের অর্থায়ন চেয়েছে সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা। এ উদ্যোগে দক্ষিণ কোরিয়াও যৌথভাবে অর্থায়ন করতে পারে।
শুধু বাংলা ভাষার জন্য নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরি নয়, প্রস্তাবিত অর্থে সাইবার নিরাপত্তা জোরদার, আধুনিক কম্পিউটিং অবকাঠামো গড়ে তোলা এবং প্রযুক্তি ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সরকারি সেবা ও ব্যবসা-বাণিজ্যে এআইয়ের ব্যবহার বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এডিবির বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং জানিয়েছেন, বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে ২৫ কোটি ডলারের একটি সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। তবে অর্থায়নের কাঠামো এবং বাস্তবায়নের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সরকার এ বিষয়ে সমন্বিত অর্থায়ন প্রস্তাব জমা দিতে পারে।
বাংলা ভাষার জন্য তৈরি হবে নিজস্ব এআই মডেল
প্রস্তাবিত কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাংলা ভাষার নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম তৈরি। মানুষের ভাষা বুঝতে, প্রশ্নের উত্তর দিতে, তথ্য বিশ্লেষণ করতে এবং বিভিন্ন কাজে সহায়তা করতে পারে এ ধরনের মডেল।
বর্তমানে আন্তর্জাতিক বিভিন্ন এআই মডেল ব্যবহার করা হলেও বাংলা ভাষার তথ্য, স্থানীয় সংস্কৃতি এবং বাংলাদেশের বাস্তবতা যথাযথভাবে উপস্থাপনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। নিজস্ব ভাষা ও প্রয়োজন অনুযায়ী এআই মডেল তৈরি করা গেলে সরকারি-বেসরকারি সেবায় প্রযুক্তিটির ব্যবহার আরও কার্যকর হতে পারে।
এ লক্ষ্য সামনে রেখে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখছে বাংলাদেশ। বিশেষ করে বাংলা ভাষার উপযোগী মডেল তৈরিতে কোরিয়ার প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা
চলতি মাসের শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফর করে। সেখানে দেশটির শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলা ভাষার এআই, কম্পিউটিং অবকাঠামো এবং প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা হয়। সিউলের বৈঠকে দক্ষিণ কোরিয়ার এলজি এআই রিসার্চ, ফুরিওসাএআই এবং নাভারের সঙ্গে সম্ভাব্য অংশীদারত্বের বিষয়টি গুরুত্ব পায়।
এলজি এআই রিসার্চের তৈরি আঞ্চলিক ভাষার এআই মডেল ‘এক্সাওন’-এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলা ভাষার নিজস্ব মডেল তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া এআই পরিচালনায় বিদ্যুৎ খরচ ও ব্যয় কমাতে ফুরিওসাএআইয়ের বিশেষায়িত চিপ ব্যবহারের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
অন্যদিকে, তথ্যকেন্দ্র ও ক্লাউড অবকাঠামো তৈরি এবং পরিচালনায় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান নাভারের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এসব সহযোগিতা বাস্তবায়িত হলে নিজস্ব এআই পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে।
অর্থায়নে আগ্রহ দক্ষিণ কোরিয়ারও
বাংলাদেশের প্রস্তাবিত এআই কর্মসূচিতে দক্ষিণ কোরিয়ার অর্থায়নের সম্ভাবনাও রয়েছে। এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (কেক্সিম) এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে। ফলে এডিবি ও কোরিয়ার যৌথ অর্থায়নের সুযোগ খতিয়ে দেখা হচ্ছে। এডিবি ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান একটি কাঠামোর আওতায় ২০২৭ সাল পর্যন্ত যৌথ অর্থায়নের কর্মসূচি রয়েছে। সরকারি পর্যায়ের বিভিন্ন প্রকল্পে এ কাঠামোর অধীনে অর্থায়নের সুযোগ আছে, যার মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতও অন্তর্ভুক্ত।
তবে বাংলাদেশের প্রস্তাবিত এআই প্রকল্পে অর্থায়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কারিগরি সমীক্ষা, প্রকল্প প্রস্তুতি এবং সম্ভাব্য অংশীদারদের সঙ্গে আলোচনা শেষ করতে হবে। চিংফেং ঝাং জানান, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি নিয়ে এডিবির চলমান কারিগরি সহায়তা থেকেই প্রস্তাবিত বিনিয়োগের ভিত্তি তৈরি হয়েছে। এ সহায়তার আওতায় সম্ভাব্যতা যাচাই, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ চলছে।
সাইবার নিরাপত্তা প্রকল্প অনুমোদনের লক্ষ্য ২০২৭ সালে
প্রস্তাবিত কর্মসূচিতে বাংলা এআই মডেলের পাশাপাশি সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তি ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। এডিবির পরিকল্পনা অনুযায়ী, সাইবার নিরাপত্তা প্রকল্পের প্রস্তুতি ইতিমধ্যে অনেকটা এগিয়েছে। ২০২৭ সালে প্রকল্পটি অনুমোদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, এআই ও প্রযুক্তি ভিলেজের জন্য কয়েক ধাপে বিনিয়োগ করা হতে পারে।
প্রযুক্তি ভিলেজ গড়ে তোলা গেলে গবেষণা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, উদ্ভাবন এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ তৈরির সুযোগ বাড়তে পারে। এ ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিতে বাড়বে এআইয়ের ব্যবহার
বাংলাদেশের নিজস্ব প্রয়োজন অনুযায়ী তৈরি এআই মডেল স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি এবং সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন চিংফেং ঝাং। তাঁর মতে, ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ানো, পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং নতুন বাজারে প্রবেশের ক্ষেত্রেও এআই কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে স্থানীয় ভাষায় এআই সেবা সহজলভ্য হলে সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য প্রযুক্তিটির ব্যবহার আরও সহজ হবে।
এ উদ্যোগের মাধ্যমে তৈরি পোশাকশিল্পের বাইরেও উচ্চ মূল্য সংযোজনকারী খাতে বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা ও তথ্য ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সহায়তায় এডিবির ‘সেন্টার ফর এআই ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ কারিগরি জ্ঞান, প্রকল্প পরিকল্পনা এবং দক্ষ জনবল তৈরিতে সহায়তা করতে পারে।
চিংফেং ঝাং বলেন, বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরি করাই এডিবির লক্ষ্য। এ জন্য অবকাঠামো ও প্রযুক্তির পাশাপাশি স্থানীয় দক্ষতা, প্রতিষ্ঠান এবং মানুষের ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাজে লাগে—এমন ব্যবহারিক প্রয়োগের সংযোগ ঘটাতে হবে।
২০ বছরে ৮ হাজার কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা
বাংলাদেশের ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ (আইজিএনডি) উদ্যোগেও আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে অর্থমন্ত্রীর দক্ষিণ কোরিয়া সফরকে এডিবির কর্মকর্তারা প্রথম আন্তর্জাতিক প্রচার কার্যক্রম হিসেবে বর্ণনা করেছেন।
সরকারি মালিকানাধীন এ উদ্যোগে এডিবির সহায়তা রয়েছে। এর লক্ষ্য যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা, বিভিন্ন ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ করা। আইজিএনডি উদ্যোগের আওতায় আগামী ২০ বছরে প্রায় ৮ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম পাঁচ বছরে সর্বোচ্চ ৫০০ কোটি ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে এডিবি। সরকারি ও বেসরকারি খাতে আরও বিনিয়োগ আকৃষ্ট করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
এডিবির কর্মকর্তাদের মতে, এ পরিকল্পনা সফল করতে দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার ও আন্তর্জাতিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সিউলের বৈঠকে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি, শিল্প খাতের অভিজ্ঞতা ও অর্থায়নের সমন্বয়ের বিষয়টি তাই বিশেষ গুরুত্ব পেয়েছে।
সব মিলিয়ে বাংলা ভাষার নিজস্ব এআই তৈরি, সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তি অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে অর্থায়ন ও বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে প্রস্তাব প্রস্তুতি, কারিগরি যাচাই এবং সংশ্লিষ্ট অংশীদারদের আলোচনার ওপর।
কালের আলো/এসএ/জেএন
