Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১০:৩১ এএম

সরকারি ব্যয়ে কড়াকড়ি, বিদেশে প্রশিক্ষণও স্থগিত

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১০:৩১ এএম

সরকারি ব্যয়ে কড়াকড়ি, বিদেশে প্রশিক্ষণও স্থগিত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন সরকারি ভবন নির্মাণ, যানবাহন কেনা এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ গ্রহণের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের সংখ্যা সীমিত রেখে জরুরি ও অগ্রাধিকারমূলক খাতে বরাদ্দ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ৯ নভেম্বর অর্থ বিভাগ এ বিষয়ে একটি বাজেট পরিপত্র জারি করেছে। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে সরকারি ব্যয়ে মিতব্যয়ী হওয়া, উন্নয়ন প্রকল্পের সংখ্যা কমানো এবং অত্যাবশ্যকীয় খাতগুলোকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মূল বাজেটের ব্যয়সীমা অতিক্রম করা যাবে না

পরিপত্র অনুযায়ী, সংশোধিত বাজেটের মোট ব্যয় কোনোভাবেই চলতি অর্থবছরের মূল বাজেটে নির্ধারিত সীমা অতিক্রম করতে পারবে না। একই সঙ্গে উন্নয়ন বাজেটের অর্থ পরিচালন বাজেটে স্থানান্তর করা যাবে না।

শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন স্থাপনা ছাড়া অন্যান্য নতুন আবাসিক, অনাবাসিক ও সরকারি ভবন নির্মাণের বরাদ্দ স্থগিত করা হয়েছে। তবে যেসব প্রকল্পের অন্তত ৭০ শতাংশ ভৌত কাজ শেষ হয়েছে, সেগুলো অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে বরাদ্দ পেতে পারে।

যানবাহন কেনায় বিধিনিষেধ

সব ধরনের যানবাহন কেনার বরাদ্দ স্থগিত করা হয়েছে। তবে সরকারি টিওঅ্যান্ডই তালিকাভুক্ত ১০ বছরের বেশি পুরোনো যানবাহন প্রতিস্থাপন এবং নতুন প্রতিষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানের জরুরি প্রয়োজনে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে এ বিধিনিষেধ শিথিল করা যাবে।

অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া নতুন কেনা বা প্রতিস্থাপন করা সব গাড়ি ও জিপ সম্পূর্ণ বৈদ্যুতিক হতে হবে। তবে ২০২৬ সালের ৮ জুলাইয়ের আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এ শর্ত শিথিল করার সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া পরিচালন বাজেটের আওতায় জমি অধিগ্রহণ এবং সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত অগ্রিম বরাদ্দ বন্ধ করা হয়েছে।

বিদেশে প্রশিক্ষণ ও অনুষ্ঠান ব্যয় কমছে

সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা আয়োজন স্থগিত করা হয়েছে। তবে অত্যাবশ্যকীয় বিদেশ সফর ও প্রশিক্ষণের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সীমিত বরাদ্দ রাখা যাবে।

পাশাপাশি আপ্যায়ন, সেমিনার এবং সরকারি অনুষ্ঠান আয়োজনের ব্যয় কমিয়ে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অগ্রাধিকার পাবে যেসব উন্নয়ন প্রকল্প

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়নে প্রকল্পের সংখ্যা সীমিত রাখার পাশাপাশি সরকারের কৌশলগত লক্ষ্য, নির্বাচনী ইশতেহার এবং অত্যাবশ্যকীয় উন্নয়ন চাহিদাকে গুরুত্ব দিতে বলা হয়েছে।

এ ক্ষেত্রে বৈদেশিক ঋণ ও অনুদাননির্ভর প্রকল্প, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনসংক্রান্ত প্রকল্প অগ্রাধিকার পাবে। ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে, এমন প্রকল্পগুলোকেও গুরুত্ব দেওয়া হবে।

একই উদ্দেশ্যে নেওয়া ছোট প্রকল্পগুলো একীভূত করে গুচ্ছ প্রকল্প হিসেবে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। বরাদ্দহীন প্রকল্প সংশোধিত এডিপি থেকে বাদ দিতে বলা হয়েছে। অন্যদিকে ধীরগতির প্রকল্পের বরাদ্দ কমিয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য অগ্রাধিকার প্রকল্পে অর্থ স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাক্কলন জমার সময়সীমা ২৬ নভেম্বর

সংশোধিত রাজস্ব ও পরিচালন ব্যয়ের প্রাক্কলন তৈরিতে আগের দুই অর্থবছরের প্রথম ছয় মাসের প্রকৃত রাজস্ব আদায় ও ব্যয়ের চিত্র এবং চলতি অর্থবছরের প্রথম চার মাসের হিসাব বিবেচনায় নিতে হবে। বেতন-ভাতার প্রাক্কলন করতে হবে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী।

সংশোধিত বাজেটের সব প্রস্তাব সংশ্লিষ্ট বাজেট ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে যাচাই ও অনুমোদন করতে হবে। প্রস্তাবের সঙ্গে কমিটির সভার কার্যবিবরণীও জমা দিতে হবে। অনুমোদনের পর মন্ত্রণালয়গুলোকে রাজস্ব আদায়, ব্যয় ও বার্ষিক ক্রয় পরিকল্পনা হালনাগাদ করতে হবে।

অর্থ বিভাগ আগামী ২৬ নভেম্বরের মধ্যে সংশোধিত পরিচালন বাজেট ও এডিপিবহির্ভূত প্রকল্পের প্রাক্কলন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে। একই সময়ের মধ্যে সংশোধিত এডিপি ও প্রকল্পসংক্রান্ত প্রাক্কলন অর্থ বিভাগ এবং পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে সরকারি ব্যয় নিয়ন্ত্রণ এবং সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!