Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৩:২২ পিএম

সেনা-ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার সাবেক সেনাসদস্য

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৩:২২ পিএম

সেনা-ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার সাবেক সেনাসদস্য

নিজেকে সেনাবাহিনী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আসাদুল ইসলাম নামে এক চাকরিচ্যুত সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গুলশান থানা পুলিশের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর গুলশানের ক্যাফে কলম্বিয়া থেকে গুলশান থানা ও পাবনার সাঁথিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালে সেনাবাহিনীর চাকরি হারান আসাদুল
পুলিশ জানায়, আসাদুল ইসলাম একসময় সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালে তার চাকরি চলে যায়। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে। তার বাবার নাম আবুল মজিদ মোল্লা। আসাদুলের বিরুদ্ধে পাবনার সাঁথিয়া থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মেজর পরিচয়ে চাকরি ও পদোন্নতির প্রলোভন
পুলিশের ভাষ্য অনুযায়ী, চাকরিচ্যুত হওয়ার পর আসাদুল নিজেকে সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের মেজর হিসেবে পরিচয় দিতে শুরু করেন। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) কর্মরত বলেও দাবি করতেন।

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে প্রচার করতেন। এসব পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে চাকরি, বদলি ও পদোন্নতির আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু ব্যক্তিপর্যায়ে নয়, মেজর পরিচয়ে সচিবালয়ে যাতায়াত করে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও প্রতারণার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর নেওয়া হয়েছে পাবনায়
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, গুলশান থানা পুলিশের সহায়তায় বুধবার (১১ নভেম্বর) রাতে প্রতারক আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন ভয়ংকর প্রতারক। তার বিরুদ্ধে থানায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাকে পাবনায় নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

কালের আলো/এসএ/ইএকে

Link copied!