Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৬:৪৭ পিএম

সার্টিফিকেট নয়, মনুষ্যত্বের বিকাশই শিক্ষার লক্ষ্য: রিজভী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৬:৪৭ পিএম

সার্টিফিকেট নয়, মনুষ্যত্বের বিকাশই শিক্ষার লক্ষ্য: রিজভী

শিক্ষা কেবল সার্টিফিকেট বা ডিগ্রি অর্জনের বিষয় নয়। যে শিক্ষা মানুষের হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, বিবেক ও মনুষ্যত্বের বিকাশ ঘটায়, সেটাই প্রকৃত শিক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তার সমন্বয় জরুরি
রুহুল কবির রিজভী বলেন, শিক্ষা মানুষকে সার্টিফিকেট দিতে পারে। একজন ব্যক্তি পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারেন, কিন্তু শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সের সমন্বয় না ঘটলে সেই শিক্ষা প্রকৃত জ্ঞানে পরিণত হয় না। শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তার সমন্বয় ঘটলেই প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব।

তিনি বলেন, শিক্ষার অন্যতম বড় অবদান হলো মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করা। শিক্ষা মানুষের মধ্যে এমন অন্তর্দৃষ্টি ও দূরদৃষ্টি তৈরি করে, যার মাধ্যমে সে অনেক দূরের বিষয়ও দেখতে ও বুঝতে পারে। সাধারণ মানুষ যা দেখতে পারে না, প্রকৃত শিক্ষা মানুষকে তা উপলব্ধি করার সক্ষমতা দেয়।

মুখস্থবিদ্যা নয়, বিবেক ও মনুষ্যত্বের বিকাশ
রিজভী বলেন, শুধু মুখস্থ করে পরীক্ষায় পাস করা কিংবা ডিগ্রি ও অনার্সের সার্টিফিকেট অর্জন করাই শিক্ষার পূর্ণতা নয়। চাকরি পাওয়া ও আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। তবে একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি বিবেক, মনুষ্যত্ব, যুক্তি এবং প্রশ্ন করার সক্ষমতা থাকতে হবে। এসবের সমন্বয়েই প্রকৃত শিক্ষা অর্জিত হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যে শিক্ষা মানুষের হৃদয়ে আনন্দ তৈরি করতে পারে না, সেই শিক্ষার পূর্ণতা আসে না। প্রকৃত শিক্ষা প্রত্যেক শিক্ষার্থীর হৃদয়ে এবং ঘরে ঘরে আনন্দের প্রদীপ জ্বালায়। তাই শিক্ষকদের এমনভাবে পাঠদান করতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আনন্দ ও আগ্রহ অনুভব করে।

শিক্ষকের পাঠদান মনে গেঁথে থাকে
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, তাঁদের সময়ে দুজন শিক্ষক ছিলেন, যাঁদের একজন ইন্টারমিডিয়েটে নাটক এবং অন্যজন উপন্যাস পড়াতেন। বিশেষ করে শ্রীকান্ত উপন্যাসের শিক্ষক অসাধারণ বাগ্মিতার মাধ্যমে প্রতিটি বিষয় এমনভাবে ব্যাখ্যা করতেন যে শিক্ষার্থীরা তাঁর ক্লাস কখনো ফাঁকি দিত না।

অনেক বছর পেরিয়ে গেলেও সেই শিক্ষকের পড়ানোর ধরন ও উপন্যাসের সংলাপ এখনো তাঁর মনে রয়েছে। শিক্ষকের আনন্দময় ও সুন্দর পাঠদানের কারণে অনেক কথা আজও কানে বাজে। যে শিক্ষা মানুষের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নেয়, সেটাই প্রকৃত শিক্ষা বলে উল্লেখ করেন তিনি।

আত্মমর্যাদাবোধ ও সম্ভাবনা বিকাশের আহ্বান
শিক্ষার্থীদের মধ্যে ইগো ও সেলফ রেসপেক্ট বা আত্মমর্যাদাবোধ থাকার প্রয়োজনীয়তা তুলে ধরে রিজভী বলেন, ভালো ফলাফল করা এবং নিজেকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিযোগিতামূলক মনোভাব থাকা প্রয়োজন। তবে লক্ষ্য অর্জনের পর ইগো কমিয়ে আত্মমর্যাদাবোধের দিকে এগিয়ে যেতে হবে। জীবনের ধারাবাহিক অগ্রযাত্রায় আত্মমর্যাদাবোধকে বেশি গুরুত্ব দিতে হবে।

বিখ্যাত মরমি সাধক মাওলানা রুমির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে ডানা রয়েছে, কিন্তু সেই ডানা সবাই দেখতে পায় না। বিভিন্ন প্রশিক্ষণ, শিক্ষা ও অনুশীলনের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী নিজের ডানা প্রসারিত করতে পারে। তখনই সে নিজের সম্ভাবনা কাজে লাগিয়ে কীভাবে সামনে এগিয়ে যেতে হয়, তা বুঝতে পারে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এম/এএইচ

Link copied!