রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনকেই সংকটের স্থায়ী সমাধান হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ ও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।
বৈঠকে মিয়ানমারের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গা প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং শরণার্থীশিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাপ্তরিক নথিতে রোহিঙ্গাদের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা। আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গাদের অধিকার নিশ্চিতের উদ্যোগ
বৈঠকে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি রোহিঙ্গাদের ওপর ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেন। তিনি জানান, জাতিসংঘ ও আন্তর্জাতিক সহযোগীরা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করছে। পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করার উদ্যোগও চলছে।
দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক আশ্রয় ও প্রয়োজনীয় সেবা দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন তিনি।
সীমান্ত অপরাধ দমনে প্রযুক্তিগত সহায়তা
বৈঠকে রোহিঙ্গা শিবিরসংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনের বিষয়েও আলোচনা হয়। এসব অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত সহায়তার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
এ ছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী পক্ষগুলোর সমন্বিত উদ্যোগে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে বিশেষ র্যাপোর্টিয়ারের সফরসঙ্গী টমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান উপস্থিত ছিলেন।
কালের আলো/এম/এএইচ
