Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৩:৫৯ পিএম

বিশ্ববাজারে এক দিনে সোনার দাম বাড়ল প্রায় ১ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৩:৫৯ পিএম

বিশ্ববাজারে এক দিনে সোনার দাম বাড়ল প্রায় ১ শতাংশ

টানা দরপতনের পর বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে সোনার দাম। সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। জ্বালানি তেলের দাম কমে আসা এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হওয়ায় স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

স্পট ও ফিউচার—দুই বাজারেই দাম বেড়েছে

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার দুপুর ১২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০.৯ শতাংশ বেড়ে ৩ হাজার ৯০৭ দশমিক ৯৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯১৬ দশমিক ৭০ ডলারে পৌঁছায়।

এর আগে গত শুক্রবার একদিনেই সোনার দাম ৩.৫ শতাংশ কমে যায়। এতে ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে মূল্যবান ধাতুটির দাম। একই সঙ্গে প্রতি আউন্স সোনার দর ৪ হাজার ডলারের গুরুত্বপূর্ণ সীমার নিচে চলে যায়।

বিনিয়োগকারীদের বিক্রির চাপে দরপতন

প্রযুক্তি খাতের শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের পর বিনিয়োগকারীদের ওপর মার্জিন কলের চাপ তৈরি হয়। এ পরিস্থিতিতে নগদ অর্থের প্রয়োজন মেটাতে অনেক বিনিয়োগকারী স্বর্ণের মতো নিরাপদ সম্পদ বিক্রি করেন। ফলে স্বর্ণের বাজারে বিক্রির চাপ বাড়ে এবং দাম কমে যায়।

বাজার বিশ্লেষক কাইল রড্ডা বলেন, আগের কার্যদিবসে বড় দরপতনের পর সোনার দামে কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। সপ্তাহের শুরুতে জ্বালানি তেলের দাম কমে আসাও স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

তেলের দাম কমায় স্বস্তি

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার কাতারের মধ্যস্থতায় ইরানি আলোচকেরা টানা তৃতীয় দিনের মতো আলোচনায় বসেন। দোহায় অনুষ্ঠিত এসব আলোচনার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানো।

আলোচনার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি কমে যায়। তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপও কমতে পারে—এমন প্রত্যাশা তৈরি হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।

সুদের হার নিয়ে অনিশ্চয়তা কাটেনি

তবে স্বর্ণের বাজারে ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) তিন কর্মকর্তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়ানোর পক্ষে বক্তব্য দেন। এর আগে গত সপ্তাহের বৈঠকে ফেড স্বল্পমেয়াদি ঋণের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

স্যাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, স্বল্পমেয়াদে স্বর্ণের বাজার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কারিগরি কারণে বিক্রির চাপ এবং তারল্যসংকটের আশঙ্কা দীর্ঘমেয়াদে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণকেও ছাপিয়ে যাচ্ছে।

রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও ঊর্ধ্বমুখী

এদিকে সোমবার আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ২.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫০ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৪৩৫ দশমিক ৩৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ বেড়ে ৯৮৪ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে।

তথ্যসূত্র: রয়টার্স

কালের আলো/এসকে/এমএসআইপি 

Link copied!