Kaler Alo
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

রংপুর সংবাদদাতা , কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৮:০০ পিএম

ক্রীড়া সংগঠকদের অনিয়ম খতিয়ে দেখবে দুদক

রংপুর সংবাদদাতা , কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৮:০০ পিএম

ক্রীড়া সংগঠকদের অনিয়ম খতিয়ে দেখবে দুদক

দেশের সব ক্রীড়া সংস্থা ও সংগঠকের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, অভিযোগগুলো খতিয়ে দেখতে ইতোমধ্যে একাধিক কমিটি কাজ করছে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনও (দুদক) এ বিষয়ে কাজ করছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম পরিদর্শন শেষে স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দুর্নীতি-অনিয়মের অভিযোগ তদন্তের উদ্যোগ
আমিনুল হক বলেন, দেশের ক্রীড়া সংস্থা ও সংগঠকদের বিরুদ্ধে যেসব দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে একাধিক কমিটি কাজ করছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনও অভিযোগগুলো নিয়ে কাজ করছে। ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পাঁচ বছরে ইউনিয়ন পর্যায়ে ৪ হাজার ৫৯৯ মাঠ
দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়াতে আগামী পাঁচ বছরের মধ্যে বিভিন্ন ইউনিয়নে ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিভাগীয় ও জেলা স্টেডিয়ামগুলোর উন্নয়নের ধারাবাহিকতায় রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কারের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হচ্ছে। স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি এ পরিকল্পনার আওতায় বিবেচনা করা হচ্ছে।

জানুয়ারি থেকে জেলায় জেলায় ক্রীড়া আয়োজন
আগামী জানুয়ারি মাস থেকে বছরব্যাপী ১৫টি ইভেন্টে প্রতিটি জেলায় ক্রীড়া আয়োজনের জন্য ক্যালেন্ডার প্রস্তুত করা হবে বলে জানান আমিনুল হক। এর মাধ্যমে জেলা পর্যায়ে নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। রংপুরে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রয়োজন হলে সেটিও নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এতে স্থানীয় ক্রিকেটারদের প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনা
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার সুযোগ পাবে—এমন পরিবেশ তৈরি করতে চায় সরকার। খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা গেলে তারা মাদক থেকে দূরে থাকার পাশাপাশি শারীরিকভাবেও উপকৃত হবে। এর আগে প্রতিমন্ত্রী রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ক্রিকেট গার্ডেন পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে খেলোয়াড় ও ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আন্তর্জাতিক মানের স্টেডিয়াম চান স্থানীয় ক্রীড়াবিদেরা
মতবিনিময় অনুষ্ঠানে রংপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে রংপুরের স্টেডিয়ামের উন্নয়ন হবে বলে তাঁরা আশাবাদী। পাশাপাশি দেশের জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে ছোট স্টেডিয়াম নির্মাণ করা হলে নতুন প্রজন্ম খেলাধুলার আরও বেশি সুযোগ পাবে।

রংপুরের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরাও দীর্ঘদিনের পুরোনো স্টেডিয়ামটির আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ আয়োজনের জন্যও প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ জানান তাঁরা। অনুষ্ঠানে রংপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডনসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং সংগঠকেরা উপস্থিত ছিলেন

কালের আলো/এএএন/এম/এসআইপি

Link copied!