Kaler Alo
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ১০:৩৪ পিএম

ধারাবাহিক হামলায় শঙ্কিত এনসিপি

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ১০:৩৪ পিএম

ধারাবাহিক হামলায় শঙ্কিত এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ঘিরে বাড়ছে হামলা ও হুমকির ঘটনা। একদিকে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা, অন্যদিকে দলের যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন। মাত্র দুই দিনের ব্যবধানে ঘটে যাওয়া এসব ঘটনায় দলটির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নতুন করে শঙ্কা তৈরি হয়েছে এনসিপির ভেতরে।

  • হাসিবুলের ওপর চাপাতির কোপ, নুসরাতের বাড়িতে আগুন
  • নিরাপত্তা নিয়ে সরকারের দিকে প্রশ্ন
  • রাজপথে নামছে দল

দলটির নেতাদের আশঙ্কা, পরিকল্পিতভাবে ভয়ভীতি ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তাঁদের কেউ কেউ মনে করছেন, এর পেছনে রাজনৈতিক হিসাব-নিকাশও থাকতে পারে। এমনকি বিরোধী দল হিসেবে এনসিপিকে চাপে রাখার কৌশল হিসেবে আওয়ামী লীগকে রাজনীতিতে জায়গা করে দেওয়ার চেষ্টা চলছে কি না, সেই প্রশ্নও উঠছে দলটির নীতিনির্ধারণী পর্যায়ে। যদিও এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। 

পরপর দুই নেতার ওপর হামলার পর সরকারের নিরাপত্তা ভূমিকা নিয়েও সরব হয়েছে এনসিপি। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদে প্রশ্ন তুলেছেন, সংসদ সদস্য, জুলাই গণ-অভ্যুত্থানের নেতা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মীদের নিরাপত্তা সরকার নিশ্চিত করতে পারবে কি না। তাঁর বক্তব্যে সরকারের প্রতি ক্ষোভ ও অনাস্থার সুরও স্পষ্ট।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাপাতি নিয়ে হামলার শিকার হন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলাম। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। নুসরাত ও এনসিপির নেতাদের অভিযোগ, পেট্রলবোমা ছুড়ে বাড়িটিতে আগুন দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে রাতেই কুষ্টিয়ায় যান নুসরাত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে তিনি জানান, বেশ কিছুদিন ধরে তাঁকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল। গত ২৮ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে একটি স্প্যাম নম্বর থেকে হুমকির ফোন পান তিনি। এর আগে-পরে আরও কয়েকটি হুমকিমূলক কল আসে। এসব বিষয়ে গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও হুমকি বন্ধ হয়নি বলে অভিযোগ করেন তিনি।

নিরাপত্তা নিশ্চিত না হলে বিকল্প পথ
এনসিপির রাজনৈতিক পর্ষদের তিন নেতার সঙ্গে কথা বলেছে একটি গণমাধ্যম। তারা জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাগুলোকে বিচ্ছিন্ন হামলা হিসেবে দেখছে না দলটি। তাঁদের মূল্যায়ন, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতাদের লক্ষ্য করে হুমকি ও হামলার ঘটনা বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও গত এক সপ্তাহে জুলাইয়ের নেতাদের নাম উল্লেখ করে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

দলটির এক জ্যেষ্ঠ নেতার ভাষ্য, অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগের পক্ষ থেকে জুলাইয়ের নেতৃত্বে থাকা ছাত্রনেতাদের হুমকি দেওয়া হচ্ছে। অথচ এসব বিষয়ে সরকার বা বিএনপির পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

সংসদে নাহিদ ইসলাম বলেন, সারা দেশে পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে যে নৈরাজ্য ও নাশকতা শুরু হয়েছে, তার প্রধান লক্ষ্য কারা, তা স্পষ্ট। এ অবস্থায় সরকার তাঁদের নিরাপত্তা দেবে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর বক্তব্য, নিজেদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে তাঁদের বিকল্প পথ ভাবতে হবে। হামলা ও নাশকতার পেছনে বিএনপির কোনো রাজনৈতিক কৌশল রয়েছে কি না, এনসিপির নীতিনির্ধারকদের মধ্যে এমন সন্দেহও তৈরি হয়েছে। 

তবে ভয়ভীতি দেখিয়ে এনসিপিকে রাজপথ থেকে সরানো যাবে না বলে জানিয়েছেন রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব। একটি গণমাধ্যমকে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে প্রস্তুত দলটি। ইতিমধ্যে জেলা পর্যায়ে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকায়ও কেন্দ্রীয়ভাবে কর্মসূচি নেওয়া হচ্ছে।

রাজপথে শক্তি দেখাতে চায় দলটি 
নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর বাংলামোটর থেকে মশালমিছিল করে এনসিপি। এতে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশ নেন। শুক্রবার (১৩ নভেম্বর) দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালনের প্রস্তুতিও রয়েছে দলটির। পরপর হামলার ঘটনায় এনসিপি এখন একদিকে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলছে, অন্যদিকে রাজপথে নিজেদের উপস্থিতি জোরালো করতে চাইছে। 

কালের আলো/ওয়াইএ/এমকে 

Link copied!