Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ১২:১১ পিএম

নাশকতা ঠেকাতে দেশজুড়ে ২৫২ চেকপোস্ট, গ্রেপ্তার দেড় শতাধিক

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ১২:১১ পিএম

নাশকতা ঠেকাতে দেশজুড়ে ২৫২ চেকপোস্ট, গ্রেপ্তার দেড় শতাধিক

দেশজুড়ে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুর ও বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও অপরাধপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল, গোয়েন্দা নজরদারি ও তল্লাশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ বিভিন্ন স্থানে ২৫২টি চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

পুলিশের তথ্যানুযায়ী, সাম্প্রতিক সময়ে দেশের অন্তত ২৮টি জেলায় নাশকতাসহ বিভিন্ন ধরনের সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। অন্যদিকে ৩৩টি জেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত কয়েক দিনে ১৯টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেড় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরিস্থিতি মোকাবিলায় শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি।

রাজধানীতে ২৫২ চেকপোস্টে তল্লাশি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে বুধবার ( ১১ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর নজর রাখা হচ্ছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

রাজধানীর তেজগাঁও, মহাখালী, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ী, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজার, বাড্ডা, রামপুরা, উত্তরা ও ভাটারাসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। এসব স্থানে যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ছাড়া রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে এবং আগারগাঁও মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকাতেও তল্লাশি ও নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ সব বিভাগের উপকমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাতে মাঠে থেকে টহল দেওয়ার নির্দেশ দিয়েছেন।

২৮ জেলায় সহিংসতা, ৩৩ জেলায় ককটেল বিস্ফোরণ
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দেশের অন্তত ২৮টি জেলায় নাশকতাসহ বিভিন্ন ধরনের সহিংস ঘটনা ঘটেছে। এর পাশাপাশি ৩৩টি জেলায় ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। গত কয়েক দিনে ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেড় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি তাদের চলাচল ও সম্ভাব্য অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশ বলেন, সারা দেশে নাশকতা ঠেকাতে বেশ কিছু স্থান চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় টহল, তল্লাশি ও ইনভিজিল্যান্স টিমের তৎপরতা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের যেসব সদস্য ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে নাশকতা করছে, তাদের চিহ্নিত করা হয়েছে। কেউ কেউ নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তাদেরও শনাক্ত করা হয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে গোপালগঞ্জে সহিংসতার ঘটনার পর সেখানে আরও তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়িয়েছে।

গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। এসব এলাকায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও স্পর্শকাতর পয়েন্টে বিশেষ নজর রাখা হচ্ছে।

ঢাকার বাইরেও বাড়ানো হয়েছে নজরদারি
রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এসব জেলার মধ্যে রয়েছে মানিকগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, পঞ্চগড়, রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার।

এসব জেলার সব জায়গায় একই ধরনের সহিংস ঘটনা ঘটেনি। তবে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আগাম প্রস্তুতি, গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

নিরাপত্তা তৎপরতা অব্যাহত রাখার নির্দেশ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, নাশকতা ও সহিংসতার আশঙ্কা বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা, যানবাহন চলাচলের পথ এবং জনসমাগমস্থলে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে। অপরাধ সংঘটনের আগেই সন্দেহভাজনদের শনাক্ত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় মাঠপর্যায়ে সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে রাজধানী থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত চেকপোস্ট, টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান লক্ষ্য।

কালের আলো/এসএ/এমএএইচ

Link copied!