পরিবার পরিকল্পনা কার্যক্রম সচল রাখতে প্রায় ৯৭ কোটি টাকা ব্যয়ে ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি কিনছে সরকার। তৃতীয় প্রজন্মের এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিটি বড়ি কিনতে সরকারের ব্যয় হবে প্রায় ৪৯ টাকা ৮২ পয়সা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা।
প্রকল্পের আওতায় কেনা হচ্ছে বড়ি
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে বৈঠকে ক্রয়প্রস্তাবটি উপস্থাপন করা হয়। ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলি বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনা হবে।
সরবরাহের দায়িত্বে পপুলার ফার্মাসিউটিক্যালস
ক্রয়প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্যাকেজ নম্বর ২০২৫-২৬/জিডি-৪এ এবং টেন্ডার আইডি ১৩২০৩৯৯-এর মাধ্যমে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে সুপারিশকৃত দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা শেষে ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবারি বড়ি কেনার অনুমোদন দেওয়া হয়। এ ক্রয়ের মাধ্যমে পরিবার পরিকল্পনা কার্যক্রমে প্রয়োজনীয় জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কালের আলো/এসএ/জেএন
