Kaler Alo
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৮:৩৭ পিএম

এআই-রোবটের যুগে অর্থের গুরুত্ব হারাবে: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৮:৩৭ পিএম

এআই-রোবটের যুগে অর্থের গুরুত্ব হারাবে: ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটের ব্যাপক উন্নতির ফলে ভবিষ্যতের অর্থনীতি আমূল বদলে যাবে বলে মনে করেন টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তাঁর ধারণা, প্রযুক্তির অগ্রগতিতে পণ্য ও সেবার উৎপাদন এতটাই বেড়ে যাবে যে মানুষের শ্রমের প্রয়োজনীয়তা কমে আসবে। একই সঙ্গে উৎপাদন খরচ ও পণ্যের দামও উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের প্রচলিত ধারণাও একসময় গুরুত্ব হারাবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারীর পোস্টের জবাবে এমন মন্তব্য করেন মাস্ক। ওই ব্যবহারকারী ভবিষ্যতে ব্যাপক প্রাচুর্য তৈরি হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে নিজের কিছু আর্থিক সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে একই সঙ্গে অতিরিক্ত ঝুঁকি নেওয়া নিয়েও সতর্কতা প্রকাশ করেন তিনি।

এর জবাবে মাস্ক বলেন, ‘সুপার ইন্টেলিজেন্ট অ্যাবানড্যান্স’ বা অতি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রাচুর্যের যুগে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করার কোনো মানে নেই।

এআই ও রোবট বদলে দেবে অর্থনীতির চিত্র
মাস্কের এই ভবিষ্যদ্বাণীর মূল ভিত্তি হলো এআই ও রোবটের সক্ষমতা। তাঁর ধারণা, ভবিষ্যতে এসব প্রযুক্তি বিপুল পরিমাণ পণ্য উৎপাদন এবং বিভিন্ন ধরনের সেবা দিতে পারবে। ফলে উৎপাদনব্যবস্থায় মানুষের ওপর নির্ভরতা অনেকটাই কমে যাবে।

বর্তমানে পণ্য উৎপাদন ও সেবা প্রদানের ক্ষেত্রে মানুষের শ্রম, সময় এবং মজুরির প্রয়োজন হয়। কিন্তু রোবট যদি নিরবচ্ছিন্নভাবে এবং তুলনামূলক কম খরচে কাজ করতে পারে, তাহলে উৎপাদনব্যয় কমে আসবে। একই সঙ্গে বাজারে পণ্য ও সেবার সরবরাহও বাড়বে।

মাস্কের যুক্তি অনুযায়ী, উৎপাদন ব্যাপকভাবে বাড়লে পণ্য ও সেবার দাম ক্রমাগত কমতে পারে। একপর্যায়ে অনেক পণ্যের মূল্য প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসার সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে মানুষের দৈনন্দিন চাহিদা পূরণে প্রচলিত অর্থব্যবস্থার ওপর নির্ভরতা কমে যেতে পারে।

মানুষের কাজের প্রয়োজনীয়তা কমে আসবে
ভবিষ্যতে মানুষের কাজ করার প্রয়োজনীয়তা কমে যাওয়ার ধারণাও আগেই তুলে ধরেছেন মাস্ক। তাঁর মতে, এআই ও রোবট এত বেশি পণ্য উৎপাদন এবং সেবা দিতে সক্ষম হবে যে মানুষের করার মতো কাজ খুব বেশি অবশিষ্ট থাকবে না।

চলতি বছরের শুরুর দিকে উদ্যোক্তা ও এক্সপ্রাইজ ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান পিটার ডায়ামান্ডিসের সঙ্গে এক সাক্ষাৎকারেও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন তিনি। সেখানে এমন এক পৃথিবীর ধারণা তুলে ধরেন, যেখানে মানুষের শ্রমের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে এবং প্রচলিত মুদ্রাব্যবস্থার গুরুত্বও হারাতে পারে।

অর্থ সঞ্চয়ের ধারণা নিয়েই প্রশ্ন মাস্কের
সাধারণত ভবিষ্যতের নিরাপত্তা, প্রয়োজন ও অনিশ্চয়তা মোকাবিলার জন্য মানুষ অর্থ সঞ্চয় করে। কিন্তু মাস্কের কল্পিত ভবিষ্যৎ অর্থনীতিতে পণ্য ও সেবার প্রাচুর্য তৈরি হলে এই সঞ্চয়ের প্রচলিত প্রয়োজনীয়তা কমে যেতে পারে।

তাঁর ধারণা, রোবটের মাধ্যমে উৎপাদনব্যবস্থা পরিচালিত হলে পণ্য ও সেবার সরবরাহ মানুষের চাহিদার তুলনায় অনেক বেশি হবে। উৎপাদন খরচ কমে যাওয়ার কারণে দামও কমবে। ফলে বর্তমান অর্থনৈতিক কাঠামো এবং মজুরিনির্ভর শ্রমব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

তবে এগুলো ইলন মাস্কের ভবিষ্যৎবিষয়ক ধারণা ও পূর্বাভাস। এআই ও রোবটের উন্নতি অর্থনীতিতে কী ধরনের পরিবর্তন আনবে, তা নির্ভর করবে প্রযুক্তির অগ্রগতি এবং ভবিষ্যতে এসব প্রযুক্তি কীভাবে ব্যবহৃত হচ্ছে তার ওপর।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!