রাজশাহী টেনিস কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬। সোমবার (৫ অক্টোবর) সকালে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অতিথিরা অংশগ্রহণকারী দেশি-বিদেশি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
৫ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। বিদেশি খেলোয়াড়দের মধ্যে ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগীরা রয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু। এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ তারিক, রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট আয়োজন করা অত্যন্ত মর্যাদার বিষয়। এ ধরনের আয়োজন তরুণ খেলোয়াড়দের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।
তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সাহস তৈরি করে। আন্তর্জাতিক এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে মহানগরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। টুর্নামেন্টে অংশ নেওয়া দেশি-বিদেশি খেলোয়াড়দের যেকোনো প্রয়োজন ও সমস্যায় সিটি করপোরেশন পাশে থাকবে।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ তারিক বলেন, রাজশাহী টেনিস কমপ্লেক্স দীর্ঘদিন ধরে সফলভাবে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে। এবারের আসরেও বিদেশি খেলোয়াড় ও তাদের অভিভাবকদের স্বাগত জানিয়ে তিনি বাংলাদেশি খেলোয়াড়দের বিদেশি প্রতিযোগীদের সঙ্গে সরাসরি খেলার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে বালকদের মধ্যে র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল। তাঁর আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিং ১ হাজার ৫৯। বালিকাদের মধ্যে শীর্ষ র্যাংকিংয়ের খেলোয়াড় ভারতের শেখ শাজফা। তাঁর আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিং ২ হাজার ৪৫।
বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড়ের ড্র থাকবে। এর মধ্যে আটজন করে খেলোয়াড় কোয়ালিফাইং রাউন্ড এবং চারজন করে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে মূল পর্বে জায়গা পাবেন।
টুর্নামেন্টে রাজশাহীর পাঁচজন খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে মেইন ড্রতে খেলবেন রাকিন রহমান ও বকুল আলী।
এ ছাড়া বালক ও বালিকা দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে। টুর্নামেন্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী।
