Kaler Alo
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

স্পোর্টস ডেস্ক, কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৮:৩২ পিএম

 ব্যালন ডি’অরে ব্রাজিলের ভোটও পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক, কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৮:৩২ পিএম

 ব্যালন ডি’অরে ব্রাজিলের ভোটও পেলেন মেসি

চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের সাংবাদিকের কাছ থেকেও প্রথম পছন্দের ভোট পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। এবারের ব্যালন ডি’অর নির্বাচনে মেসিকে শীর্ষে রেখে ভোট দিয়েছেন ব্রাজিলসহ ছয় দেশের সাংবাদিক। তাঁদের ভোটে মোট ৯০ পয়েন্ট পেয়েছেন ইন্টার মায়ামির এই তারকা। সব মিলিয়ে ৬১২ পয়েন্ট নিয়ে ব্যালন ডি’অরের তালিকায় পঞ্চম স্থানে থেকে এবারের আসর শেষ করেছেন তিনি। মেসিকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেওয়া ছয় দেশ হলো আর্জেন্টিনা, ব্রাজিল, পানামা, সংযুক্ত আরব আমিরাত, চীন ও বেলারুশ। প্রতিটি দেশের সাংবাদিকের ভোটে ১৫ পয়েন্ট করে পেয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

ব্রাজিলের সাংবাদিকের ভোটে মেসি কেন?
ব্রাজিলের সাংবাদিক হয়েও মেসিকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ক্লেবার মাচাদো। অ্যামাজন ও গ্লোবোর সাবেক সংবাদকর্মী এবং টেলিভিশন ধারাভাষ্যকার মাচাদো আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলেকে দেওয়া বক্তব্যে জানান, ভোট দেওয়ার ক্ষেত্রে দুই দেশের চিরপ্রতিদ্বন্দ্বিতার বিষয়টি বিবেচনায় নেননি তিনি। মাচাদো বলেন, ‘আমাদের অবশ্যই প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি একপাশে সরিয়ে রাখতে হবে। রদ্রি এরই মধ্যে একটি ব্যালন ডি’অর জিতেছে এবং বিশ্বকাপেও দারুণ খেলেছে। তবে আমার মতে, বিশ্বকাপের সেরা দুই খেলোয়াড় ছিলেন মেসি ও এমবাপ্পে। বিশ্বকাপে এমবাপ্পে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে।’

৩৯ বছর বয়সেও মুগ্ধ মেসির পারফরম্যান্সে
মেসিকে শীর্ষে রাখার ব্যাখ্যায় মাচাদো তাঁর দীর্ঘ ক্যারিয়ার, মাঠের বিচক্ষণতা এবং ম্যাচের ফল নির্ধারণে ভূমিকার কথা তুলে ধরেন। তাঁর মতে, গত ১৫ বছর ধরে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। বয়স ৩৯ হলেও নিজের প্রতিভা ও ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য ধরে রেখেছেন তিনি। মাচাদো বলেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে ৩৯ বছর বয়সেও সে আবার নিজের প্রতিভা ও ম্যাচের ভাগ্য নির্ধারণের সামর্থ্য দেখিয়েছে। তার দক্ষতার কারণে মাঠে সবচেয়ে বিচক্ষণ খেলোয়াড় বলে মনে হয়েছে তাকে। ব্যাপারটি ছিল অসাধারণ।’

কঠিন পরিস্থিতিতেও ম্যাচের ভাগ্য বদলেছেন মেসি
মেসির খেলার ধরন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও মুগ্ধ করেছে এই ব্রাজিলিয়ান সাংবাদিককে। মাচাদোর মতে, আর্জেন্টিনা যখন কঠিন পরিস্থিতিতে পড়েছে কিংবা ম্যাচে পিছিয়ে থেকেছে, তখন মেসি ডান প্রান্তে সরে গিয়ে আক্রমণ সাজিয়েছেন। প্রতিপক্ষের পেনাল্টি বক্সের দিকে এগিয়ে গিয়ে অল্প কয়েকটি আক্রমণেই ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার সামর্থ্য দেখিয়েছেন তিনি।

মাচাদোর ভাষায়, ‘আর্জেন্টিনা যখন কঠিন পরিস্থিতিতে পড়েছে, যখন তারা ম্যাচে পিছিয়ে ছিল, তখন মেসি ডান প্রান্তে চলে যেত। প্রতিপক্ষের পেনাল্টি বক্সের দিকে এগিয়ে মাত্র দুটি আক্রমণেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিত। তার কারণেই আর্জেন্টিনা আবারও ফাইনালে উঠেছিল। এ কারণেই আমি মেসিকে ভোট দিয়েছি।’ ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। সেই প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে একজন ব্রাজিলিয়ান সাংবাদিকের কাছ থেকে প্রথম পছন্দের ভোট পাওয়া মেসির প্রতি তাঁর ব্যক্তিগত মূল্যায়নেরই প্রতিফলন। ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় পঞ্চম স্থানে থাকলেও ছয় দেশের সাংবাদিকের প্রথম পছন্দ হওয়া তাঁর পারফরম্যান্সের প্রতি স্বীকৃতির বিষয়টি সামনে এনেছে।

কালের আলো/এসকে/এম/এসআইপি

Link copied!