ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বর্তমান পরিস্থিতির জন্য তিনি সরকারকে দোষ দেন না। নানা ধরনের ব্যয় সামলাতে গিয়ে সরকার চাপের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, একদিকে সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, অন্যদিকে বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে। এসব কারণে সরকারের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
জনগণের জন্য কাজ করার কথা
রুমিন ফারহানা বলেন, তার কয়েক লাখ কর্মী রয়েছেন, যাদের তিনি আত্মীয়ের মতো মনে করেন। মানুষের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, আল্লাহ যদি পোড়া বাজেটও তার হাতে দিতেন, তাহলে তিনি সেটিকে সোনা দিয়ে মুড়িয়ে দিতেন।
তিনি আরও বলেন, জনগণ ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ আল্লাহ তাকে দিয়েছেন। এলাকার উন্নয়ন ও মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে তিনি কাজ করে যাচ্ছেন।
দীর্ঘদিন এলাকায় তাকে দেখা না গেলে নেতাকর্মীদের মোবাইল ফোনের দিকে চোখ রাখার আহ্বান জানান রুমিন ফারহানা। তার ভাষ্য, মোবাইলের দিকে চোখ রাখলেই বোঝা যাবে তিনি ঘুমিয়ে নেই। সংসদে কিংবা এলাকায়—কোথাও না কোথাও তিনি জনগণের জন্য কাজ করছেন।
কালের আলো/এমএসআইপি
