Kaler Alo
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০২:৫৮ পিএম

বিএনপিকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০২:৫৮ পিএম

বিএনপিকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি। গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে চড়া মূল্য দিতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি
ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন। এই দাবি মেনে নেওয়া হলে বাকি ছয়টি দাবি নিয়ে নতুন করে আন্দোলনের প্রয়োজন হতো না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিএনপি সরকার জনগণের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে এবং মানুষকে আশাহত করেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে এর জন্য চড়া মূল্য দিতে হবে।

বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, বরং তারা নতুন নতুন জঞ্জাল সৃষ্টি করছে। অতীতে যারা দাসত্ব স্বীকার করেছে, তারা নিজেদের পরিণতি ভোগ করছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলের দাবিগুলো মেনে নিয়ে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

যুবসমাজকে ছলনায় কান না দেওয়ার আহ্বান
যুবসমাজের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, কারও ছলনায় কান দেওয়া যাবে না। আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে। জনগণের দাবি আদায়ের লক্ষ্যে তিনি সবাইকে লংমার্চ সফল করার আহ্বান জানান।

১১ দলীয় ঐক্যের এই লংমার্চে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবি জানানো হচ্ছে। এ ছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে কর্মসূচিতে।

সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ অলি আহমেদের
সমাবেশে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, তারা চান দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হোক। তবে ব্যবস্থাপনা বা সিস্টেম ভালো না থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না।

সরকার ক্ষমতায় আসার পর জেলা, সিটি করপোরেশন ও বিভিন্ন করপোরেশন বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব প্রতিষ্ঠান থেকে সব টেন্ডার নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও দাবি করেন অলি আহমেদ।

লংমার্চের সমাবেশে বিভিন্ন নেতার বক্তব্য
জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, জাগপা সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!