কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাওটী স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকামুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রেনের যাত্রীদের ভাষ্য অনুযায়ী, দুপুর ১২টা ২০ মিনিটের পর ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন ছেড়ে যায়। নাওটী স্টেশন পার হওয়ার পর হঠাৎ বিকট শব্দে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়।
দুর্ঘটনায় কয়েকজন যাত্রী মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। কারও কারও মাথা ফেটে যায়। হুড়োহুড়ির সময়ও কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা ও আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ট্রেনের যাত্রী নাহিদা আক্তার জানান, চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ হয়। এরপর যাত্রীরা একে অপরের ওপর পড়ে যান। কয়েকজন পদপিষ্ট হন। পরে দ্রুত ট্রেন থেকে নেমে তিনি ধোঁয়া বের হতে দেখেন।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন দুর্ঘটনার খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য তখনো পাওয়া যায়নি। কিছুক্ষণ পর ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানোর কথা রয়েছে।
দুর্ঘটনার পর ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রেল যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধারকাজের অপেক্ষা করা হচ্ছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
