রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১৭ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নদীর মোহনায় মাছটি ধরা পড়ে। একই সময় প্রায় ৮ কেজি ওজনের আরও একটি পাঙাশ ধরা পড়ে।
পরে মাছ দুটি দৌলতদিয়ার একটি আড়তে নিলামে তোলা হলে মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা সর্বোচ্চ দরদাতা হয়ে মাছ দুটি কিনে নেন। ১৭ কেজির পাঙাশটি তিনি কেজিপ্রতি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৩৭ হাজার ৪০০ টাকায় কেনেন। ৮ কেজির মাছটি কেনেন কেজিপ্রতি ১ হাজার ৮০০ টাকা দরে ১৪ হাজার ৪০০ টাকায়।
সোহেল মোল্লা জানান, বড় পাঙাশটি ঢাকার এক ক্রেতার কাছে বিক্রির জন্য দরদাম চলছে। কেজিপ্রতি ২ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হলে মাছটির দাম দাঁড়াবে ৩৯ হাজার ১০০ টাকা।
জেলে নিরঞ্জন হালদার ও তাঁর সহযোগীরা মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকা থেকে পদ্মায় মাছ ধরতে যান। দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে জাল ফেলে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার ভাটিতে গিয়ে গোয়ালন্দের উজানচর ইউনিয়নের মজলিশপুর এলাকার নদীর মোহনায় বড় মাছটি জালে আটকা পড়ে।
জেলে দলের সদস্যরা জালে বড় ধরনের ঝাঁকুনি অনুভব করার পর জাল তুলে বিশাল পাঙাশটি দেখতে পান। পরে তাঁরা দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন। বেলা ৩টার দিকে মাছটি স্থানীয় একটি আড়তে নিয়ে নিলামে তোলা হয়।
সোহেল মোল্লা জানান, ৮ কেজির পাঙাশটি পরে কেজিপ্রতি ১ হাজার ৯০০ টাকা দরে ১৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন।
ব্যবসায়ীদের ভাষ্য, বর্তমানে পদ্মা নদীতে বড় মাছের সংকট চলছে। প্রায় দুই মাস পর এবার ১৭ কেজি ওজনের একটি বড় পাঙাশ ধরা পড়েছে। আগে মাঝেমধ্যে বড় মাছ পাওয়া গেলেও সম্প্রতি বড় মাছের পরিমাণ অনেক কমে গেছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
