দীর্ঘ ২১ বছর পর উন্নয়নের মুখ দেখতে যাচ্ছে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়াম। স্টেডিয়ামটির আধুনিকায়নে অর্থ মন্ত্রণালয় ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই দশকের বেশি সময় ধরে উন্নয়নকাজ না হওয়ায় স্টেডিয়ামটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ফলে জেলার ক্রীড়াঙ্গনেও স্থবিরতা নেমে আসে। এখন স্টেডিয়ামটি আধুনিকায়নের মাধ্যমে যশোরের ক্রীড়াঙ্গনের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে।
১৯৬৪ সালে নির্মিত যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের গ্যালারিতে একসঙ্গে প্রায় ১৫ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারেন। তবে ২০০৫ সালের পর সেখানে উল্লেখযোগ্য কোনো উন্নয়নকাজ হয়নি। দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক খেলাধুলাও প্রায় বন্ধ ছিল।
এর মধ্যে ২০২২ সালের ২৪ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে স্টেডিয়ামের উত্তর পাশের গ্যালারি ভেঙে ফেলা হয়। সে সময় স্টেডিয়ামের উন্নয়নে বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।
জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল বলেন, দীর্ঘদিন ধরে যশোরের ক্রীড়াঙ্গনে এক ধরনের স্থবিরতা চলছিল। স্টেডিয়ামের আধুনিকায়নে বরাদ্দ পাওয়ায় ক্রীড়ামোদীরা আনন্দিত। দ্রুত উন্নয়নকাজ শুরু হলে যশোরের ক্রীড়াঙ্গনে নতুন গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কালের আলো/এএইচ/এমএসআইপি
