আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে বর্তমানে ৪৫ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। বিচারক ও এজলাস সংকটসহ নানা কারণে দেশের বিচারব্যবস্থা দৈন্যতার মধ্য দিয়ে চলছে।
রোববার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই হত্যাকাণ্ডের মামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, মামলাগুলো পর্যায়ক্রমে বিচারের মুখোমুখি করা হবে।
শেখ হাসিনাকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, তিনি প্রতিনিয়ত এমন বক্তব্য দিচ্ছেন, যা থেকে মামলাগুলো সম্পর্কে তার অবগত থাকার বিষয়টি প্রতীয়মান হয়।
তিনি দেশে ফেরার অপেক্ষায় আছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মাধ্যমেই তার ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে স্পেশাল ট্রাইব্যুনালের জন্য বিশেষ বিচারক ও আইনজীবী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা ও দায়রা জজ মোতাকাব্বির আহমেদ এবং পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।এছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি
