Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০২:৩০ পিএম

মিরপুরে রাত-ভোরে তিন বাসে আগুন, ক্ষতি ১৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০২:৩০ পিএম

মিরপুরে রাত-ভোরে তিন বাসে আগুন, ক্ষতি ১৩ লাখ টাকা

রাজধানীর মিরপুরে পৃথক দুই স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাত থেকে ভোরের মধ্যে শাহ আলী ও পল্লবী থানা এলাকায় এসব ঘটনা ঘটে। আগুনে তিনটি বাসের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ ৫০ হাজার থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাসগুলোতে আগুন দেওয়ার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

চিড়িয়াখানা রোডে একটি বাসে আগুন
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বুধবার (১১ নভেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৩-০৯৭৮।

আগুনে বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি আসন, আসনের কাভার, জানালার কাচ, পেছনের কাচ এবং বডির কিছু অংশ পুড়ে যায়। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত আনুমানিক একটার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে দলটি পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

ফুলকলি মোড়ে আরও দুটি বাসে অগ্নিসংযোগ
অন্যদিকে, বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে রাস্তার পাশে পার্কিং করে রাখা আরও দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বাস দুটি হলো বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহন। বিকল্প পরিবহনের বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১১-৯২৫৬ এবং অভিজাত পরিবহনের বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-০১৪৪। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বিকল্প পরিবহনের বাসটির সব আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও আসনের কাভার ক্ষতিগ্রস্ত হয়।

তিন বাসে ক্ষতি প্রায় ১৩ লাখ টাকা
প্রাথমিক হিসাবে, বিকল্প পরিবহনের বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আট থেকে ১০ লাখ টাকা। অভিজাত পরিবহনের বাসটির ক্ষতি হয়েছে প্রায় ৫০ হাজার টাকার। আর চিড়িয়াখানা সিটি পরিবহনের বাসটির ক্ষতির পরিমাণ দুই থেকে তিন লাখ টাকা। সব মিলিয়ে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ১০ লাখ ৫০ হাজার থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জড়িতদের শনাক্তে পুলিশের চেষ্টা
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পৃথক দুই স্থানে অল্প সময়ের ব্যবধানে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় মিরপুরের পরিবহন খাতে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কারা এসব ঘটনায় জড়িত এবং কী উদ্দেশ্যে বাসগুলোতে আগুন দেওয়া হয়েছে, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

কালের আলো/এসএ/এমএএইচ

Link copied!