স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০২:৪৭ পিএম

টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসান মাহমুদের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০২:৪৭ পিএম

টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসান মাহমুদের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় দিনের খেলায় ৮৩তম ওভারে টানা তিন বলে ইসমত আলম, কায়েস আহমেদ ও জিয়া-উর-রহমানকে আউট করে এই মাইলফলক অর্জন করেন তিনি। একই ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ডও গড়েছেন এই পেসার।

এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম হ্যাটট্রিক করেছিলেন স্পিনার অলক কাপালি, ২০০৩ সালে। এরপর ২০১৩ সালে দ্বিতীয় হ্যাটট্রিক করেন সোহাগ গাজী। তবে হাসানই দেশের প্রথম পেসার হিসেবে এই কীর্তি গড়লেন।

তৃতীয় দিনের খেলা শুরুতে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২১১ রান। দিনের পঞ্চম বলেই ইকরাম আলিখিলকে বোল্ড করে বাংলাদেশকে সাফল্য এনে দেন এবাদত হোসেন। এরপর হাসানের দুর্দান্ত বোলিংয়ে দ্রুত তিন উইকেট হারায় আফগানিস্তান। কায়েস আহমেদের উইকেটটি নিতে স্লিপে অসাধারণ ক্যাচ ধরেন লিটন দাস।

হ্যাটট্রিকের তিন ওভার পর ইয়ামিনকে আউট করে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান। লাল বলের ক্রিকেটে এটি তাঁর চতুর্থ পাঁচ উইকেট শিকার। ১৭তম টেস্টে ২৯তম ইনিংসে ৫০ উইকেট পূর্ণ করে বাংলাদেশের হয়ে টেস্টে দ্রুততম এই মাইলফলক অর্জন করেন তিনি।

বাংলাদেশের পেসারদের তোপে আফগানিস্তানের ইনিংস শেষ হয় ২৪০ রানে। অর্থাৎ, ৪ উইকেটে ২১১ রান থেকে মাত্র ২৯ রান যোগ করতেই শেষ ছয়টি উইকেট হারায় দলটি। এবাদত হোসেন ইনিংসে চারটি উইকেট নেন।

তবে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন আফগান অধিনায়ক রহমত শাহ। ২১৬ বল মোকাবিলা করে ১০টি চার ও দুটি ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!