নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০৬:২০ পিএম

ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০৬:২০ পিএম

ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা

২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বই থেকে প্রজ্ঞার প্রতীক হিসেবে ব্যবহৃত দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইয়ে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই চারটি স্তরের নাম থাকলেও কোনো প্রতীক বা আইকন রাখা হবে না। রোববার (২৫ অক্টোবর) এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান।

প্রজ্ঞার স্তরে থাকবে না কোনো প্রতীক
এনসিটিবির সিদ্ধান্ত অনুযায়ী, ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ে থাকা জ্ঞানের পিরামিডে চারটি স্তরের নাম আগের মতোই থাকবে। তবে প্রতিটি স্তর বোঝাতে ব্যবহৃত প্রতীকগুলো বাদ দেওয়া হবে। বিশেষ করে প্রজ্ঞার স্তরে থাকা দাঁড়িপাল্লার ছবিটি আর রাখা হচ্ছে না।

এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান বলেন, ‘উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এ চার স্তরের নাম থাকবে। তবে এখানে কোনো আইকন থাকবে না। এ বছর এভাবেই যাবে। পরের বছর বিষয়গুলো পুনরায় আরও পরিমার্জন করব, যাতে কোনো ভুল তথ্য না যায়।’

ছাপানো বইয়ে যুক্ত হবে সংশোধিত পৃষ্ঠা
ইতিমধ্যে ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের বড় একটি অংশ ছাপানো হয়ে গেছে। ফলে পুরো বই নতুন করে ছাপানোর পরিবর্তে সংশ্লিষ্ট পৃষ্ঠাটি সংশোধন করে শিক্ষার্থীদের কাছে সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, যেসব বই ইতিমধ্যে মাঠপর্যায়ে চলে গেছে, সেগুলোর জ্ঞানের পিরামিড থাকা পৃষ্ঠার ওপর নতুন করে ছাপানো পরিমার্জিত পৃষ্ঠা যুক্ত করা হবে। এতে পুরো বই পরিবর্তন না করেই বিতর্কিত প্রতীকটি বাদ দেওয়া সম্ভব হবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, পুরো বই পুনরায় ছাপাতে গেলে অতিরিক্ত অর্থ ও সময়ের প্রয়োজন হতো। তাই আপাতত শুধু সংশ্লিষ্ট পৃষ্ঠা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগেই বন্ধ করা হয়েছিল ছাপার কাজ
দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে বিতর্কের মধ্যে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বইটির ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল এনসিটিবি। একই সঙ্গে মাঠপর্যায়ে চলে যাওয়া বইগুলো সংগ্রহ করে প্রতীক পরিবর্তনের পর আবার শিক্ষার্থীদের কাছে সরবরাহ করার কথা জানানো হয়েছিল।

তবে তখন দাঁড়িপাল্লার পরিবর্তে কোন প্রতীক ব্যবহার করা হবে, তা নিশ্চিত করা হয়নি। পরে শনিবার (২৪ অক্টোবর) প্রেস মালিকদের সঙ্গে বৈঠক করে এনসিটিবি। বৈঠকে সংশ্লিষ্ট পৃষ্ঠায় নতুন করে ছাপানো একটি পরিমার্জিত পৃষ্ঠা যুক্ত করার বিষয়ে আলোচনা হয়। কয়েকজন প্রেস মালিকও এ প্রক্রিয়ায় সম্মতি দেন বলে জানা গেছে।

জ্ঞানের পিরামিডে চারটি স্তর
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ পাঠে শিক্ষার্থীদের বোঝানোর জন্য জ্ঞানের পিরামিডের ধারণা তুলে ধরা হয়েছে। পিরামিডটিতে নিচ থেকে ওপরের দিকে রয়েছে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই চারটি স্তর।

আগের নকশায় উপাত্তের স্তরে পাই চার্ট বা ঘড়ির মতো বৃত্তাকার প্রতীক, তথ্যের স্তরে পরমাণু বা নেটওয়ার্কের মতো দেখতে প্রতীক এবং জ্ঞানের স্তরে মানুষের মস্তিষ্কের ছবি ব্যবহার করা হয়েছিল। সর্বোচ্চ স্তর প্রজ্ঞা বোঝাতে রাখা হয়েছিল দাঁড়িপাল্লার ছবি। নতুন সিদ্ধান্তে এসব প্রতীকের কোনোটিই আর থাকবে না।

আগের বইয়েও ছিল দাঁড়িপাল্লা
প্রজ্ঞার প্রতীক নিয়ে বিতর্কের বিষয়টি বুঝতে আগের শিক্ষাবর্ষের বইয়ের দিকে তাকানো প্রয়োজন। আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঠ্যক্রমে পরিবর্তন এনে অন্তর্বর্তী সরকার ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে যায়। সেই অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়েও প্রজ্ঞার স্তরে দাঁড়িপাল্লার ছবি রাখা হয়েছিল।

তবে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে থাকা বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে মানুষের মস্তিষ্কের ছবি ব্যবহার করা হয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষের বইয়ে আবার দাঁড়িপাল্লার ছবি ফিরে আসার পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই প্রেক্ষাপটে প্রতীকটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি।

ছাপানো হচ্ছে প্রায় ৩১ কোটি বই
এনসিটিবি সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রায় ৩৮ লাখ কপি ছাপানো হচ্ছে। এর বেশির ভাগই ইতিমধ্যে ছাপা হয়ে গেছে। অন্যদিকে, আগামী শিক্ষাবর্ষের জন্য সব শ্রেণি মিলিয়ে প্রায় ৩১ কোটি বই ছাপানোর কাজ চলছে।

বিপুলসংখ্যক বই ছাপানোর কার্যক্রমের মধ্যে সংশ্লিষ্ট পৃষ্ঠায় সংশোধনী যুক্ত করে বিতর্কিত প্রতীকটি বাদ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে পরবর্তী শিক্ষাবর্ষে পাঠ্যবইয়ের বিষয়বস্তু ও উপস্থাপনা আরও পরিমার্জনের কথাও জানিয়েছে এনসিটিবি।

কালের আলো/এসএ/আরআইকে

Link copied!