প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আগামী ২০ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। চার দিনব্যাপী পরীক্ষা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে পরীক্ষার এ সময়সূচি জানানো হয়েছে।
কোন দিন কোন পরীক্ষা
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি এবং ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ দিন ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময়
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে। ফলে এসব পরীক্ষার্থী অন্যদের তুলনায় বাড়তি সময় পাবেন।
যে সিদ্ধান্তের ভিত্তিতে সময়সূচি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্তের ৩ নম্বর ক্রমিকের ‘খ’ ও ‘ঘ’ অনুযায়ী এ সময়সূচি নির্ধারণের কথা উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট সবাইকে প্রকাশিত সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখ অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পরীক্ষার সময় ও বিষয়ভিত্তিক রুটিন ভালোভাবে দেখে নেওয়া প্রয়োজন।
কালের আলো/এএন/এসএ
