প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করার অভিযোগে মো. আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এডিসি মিডিয়া মো. গাজিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), এসআরবি ও আরএমপির যৌথ প্রচেষ্টায় আবু বকরকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে একটি সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাস নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। পোস্টে প্রধানমন্ত্রীর জন্য লাল-সবুজ বুলেটপ্রুফ বাস ব্যবহার না করে রুয়েটের বাস ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়। পোস্টের সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিও যুক্ত করা হয়।
ওই পোস্টের মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক লেখেন, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিরুদ্ধে দায়ের করা মামলা, গ্রেপ্তারের সুনির্দিষ্ট আইনি ভিত্তি এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কালের আলো/এএইচ/এমএসআইপি
