শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শন করতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে বুলেটপ্রুফ বাসে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
সকাল সোয়া ১১টার দিকে এ প্রতিবেদন লেখার সময় প্রধানমন্ত্রী সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জে একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। দুর্গাপূজা উপলক্ষে রংপুর ছাড়াও রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।
এর আগে মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু।
এ সময় রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দপুর বিমানবন্দর থেকে বুলেটপ্রুফ বাসে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। পথে তারাগঞ্জে একটি পথসভায় বক্তব্য দেন তিনি। এরপর রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
কালের আলো/এসকে/এমএসআইপি
