ফ্যাসিবাদ ও জুলাই আন্দোলনের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের উপায় নিয়েও আলোচনা হয়েছে তাঁর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠকে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৈঠকের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাস করছে। কীভাবে দেশকে এ পরিস্থিতি থেকে উত্তরণ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ঐক্যের বিষয়টিও আলোচনায় এসেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে বিভিন্ন উদ্বেগের কথা তুলে ধরেছেন। বিশেষ করে ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বর্তমান পরিস্থিতির জন্য গত কয়েক মাসের ঘটনাকে দায়ী এনসিপি
নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত থেকে আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাঁরা মনে করেন।
ঐক্যে সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে গুরুত্ব দেওয়ার আহ্বান
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, যেকোনো ধরনের ঐক্য, বিশেষ করে জুলাই ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।
ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বানও জানিয়েছেন তাঁরা। তাঁর মতে, এসব বিষয়কে গুরুত্ব দিয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর ঐক্য গড়ে তুলতে হবে।
কালের আলো/এএএন/এমএসআইপি









-20261123084753.jpg)



-20261121140412.jpg)






